

মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২ নম্বর কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা। বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিমারী ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সম্প্রতি গঠিত ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন কয়েকজনকে পদ দেওয়া হয়েছে। এছাড়া জামায়াতের সমর্থক এবং মৃত ব্যক্তিকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তারা দাবি করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ অনুযায়ী, কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আক্তার ফারুক মেম্বার এবং সদস্য হিসেবে মো. হামিদুল কবির বাবু, শহীদ সরদার, অমিয় কুমার রায়, সুপদ কুমার মণ্ডল ও রুহুল আমিন তরফদারসহ কয়েকজনকে রাখা হয়েছে। এছাড়া সদস্য সচিব আনোয়ার হোসেন ঢালীকে নিয়েও তারা বিভিন্ন অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
বিক্ষোভকারীরা বলেন, কমিটি ঘোষণার পর থেকেই তারা এর প্রতিবাদ করে আসছেন। তাদের দাবি, কমিটি ঘোষণার দিন সন্ধ্যায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরদিন আলোচনায় বসার আশ্বাস দেওয়া হয়।
তাদের ভাষ্য, পরদিন কাশিমারীতে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জি এম সোলাইমান কবিরের উপস্থিতিতে ১১ সেপ্টেম্বরের মধ্যে কমিটি পুনর্গঠনের আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের ওপর আস্থা রেখে তারা পরবর্তী আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন। কিন্তু ১১ সেপ্টেম্বর পার হয়ে গেলেও কমিটি পুনর্গঠনের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কাশিমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আইজুল হক সরদার উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন ওয়ার্ডে নতুন কমিটি গঠনের জন্য গোপনে যোগাযোগ করছেন।
এদিকে, কমিটি নিয়ে অসন্তোষের জেরে কাশিমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ ৩৫ থেকে ৩৬ জন নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। তবে এ দাবিরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বিক্ষোভকারীরা বলেন, কাশিমারী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতন ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তাই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
সমাবেশ থেকে তারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে কমিটি পরিবর্তন, পুনর্গঠন বা রিশাফল না করা হলে পরবর্তী সময়ে কাশিমারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিএনপির সমর্থকদের নিয়ে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
বিক্ষোভকারীরা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে কাশিমারী ইউনিয়ন বিএনপির কমিটি পুনর্গঠনের দাবি জানান।
তবে কমিটি নিয়ে ওঠা অভিযোগ এবং বিক্ষোভকারীদের দাবির বিষয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।