

মো. আরফান আলী :
ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের ২০২৬-২৭ মাড়াই মৌসুমকে সামনে রেখে আখ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চিলারং এলাকার আখচাষি ফয়েজ উদ্দিনের জমিতে আখ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রাজশাহী সুগার মিল থেকে অনলাইনে যুক্ত হয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ।
এ উপলক্ষে চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ করতে আলোচনা সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ বিএসএফআইসির টেকনিক্যাল সার্ভিস (টিএস) প্রধান কৃষিবিদ মঞ্জুরুল হক।
সভায় ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) মো. তাজুরুল ইসলাম, ব্যবস্থাপক (পরিকল্পনা প্রকৌশল) হাসনাত হাবিব, কেন্দ্রীয় আখচাষি সমিতির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. ইউনুস আলী, বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, আখচাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় আখচাষিরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান বলেন, একসময় আখ চাষ থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিলেও বর্তমানে ভালো দামের কারণে তাঁরা আবার আশাব্যঞ্জকভাবে আখ চাষে ফিরছেন। ফলে দিন দিন মিলের জোন এলাকায় আখ রোপণের পরিমাণও বাড়ছে।
তিনি জানান, চলতি মৌসুমে মিল জোন এলাকায় ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১ লাখ মেট্রিক টন আখ মাড়াই, ৬ হাজার ৩০০ মেট্রিক টন চিনি উৎপাদন এবং ৬ দশমিক ৩০ শতাংশ চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৬-২৭ মাড়াই মৌসুমে মিলগেটে প্রতি কুইন্টাল আখের দাম নির্ধারণ করা হয়েছে ৬২৫ টাকা। সে হিসাবে প্রতি মণ আখের দাম পড়বে ২৬০ টাকা।
ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বলেন, মিল জোন এলাকায় একযোগে ৫৭টি কেন্দ্রের ৯৬টি ইউনিটে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। গত বছর সব দিক বিবেচনায় চালু থাকা চিনিকলগুলোর মধ্যে ঠাকুরগাঁও সুগার মিল দ্বিতীয় অবস্থানে ছিল। চলতি মৌসুমে আরও ভালো করার প্রত্যাশা রয়েছে।
মিল কর্তৃপক্ষের আশা, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ রোপণ ও উৎপাদন নিশ্চিত করা গেলে চলতি মৌসুমে ঠাকূরগাঁও সুগার মিলের মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি আখ চাষে কৃষকদের আগ্রহও বাড়বে।
মো. আরফান আলী :