

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে সাকিবুল (১৩) নামে এক কিশোরকে হত্যা করে অটো ভ্যান গাড়ি ছিনতাই এর ঘটনায় ইমন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার ওই যুবককে আটক করা হয়। এর আগে গত রবিবার বিকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামে বড়াল নদী থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। শাকিবুল উপজেলার রতনপুর গ্রামের হারিছ প্রামাণিকের ছেলে। আর আটক ইমন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কালিয়াকৈর গ্রামের শাহ আলমের ছেলে। তবে বর্তমানে সে ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামে বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাকিবুল গত রবিবার সকালেও ভ্যান গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে ডেমরা-ফরিদপুর রাস্তায় যাত্রী পরিবহন করতো। তবে ওইদিন দুপুর থেকে সাকিবুল এর সঙ্গে যোগাযোগ ছিল না তার পরিবারের। এক পর্যায়ে মাজাট গ্রামের লোকজন গ্রামের উত্তরে বড়াল নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করার পরে এটি সাকিবুলের বলে নিশ্চিত হয়। এ সময় সাকিবুলের অটো ভ্যান গাড়িটির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সাকিবুলের মাথায় আঘাতের গুরুত্বর যখম দেখতে পান। পুলিশের ধারণা অটো ভ্যান গাড়ি ছিনতাই করতেই সাকিবুলকে হত্যা করে নদীর পাড়ে ফেলে রাখে ছিনতাইকারীরা। এ ঘটনায় রবিবার রাতে সাকিবুলের বাবা হারিছ উদ্দিন অজ্ঞাত আসামী উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সোমবার ইমনকে আটক করে। পরে ইমনকে নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ধানুয়াঘাটা গ্রাম থেকে সাকিবুল এর অটো ভ্যান উদ্ধার করা হয়। এদিকে ছিনতাই হওয়া অটো ভ্যান কেনার অপরাধে মুক্তার হোসেন নামের ধানুয়াঘাটা গ্রামের এক ব্যবসায়ীকেও পুলিশ আটক করেছে।
ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামিকে মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ অব্যাহত সহ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি: