


রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।
নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বৃহস্পতিবার সকালে আশির উদ্দিন শাহের পুকুরে গোসল করতে গিয়ে তানভির নামে এক যুবকের পায়ে গ্রেনেডটি লাগে।পরে তানভির ও আনসারুল পানির নিচ থেকে সেটি তুলে পুকুরপাড়ে পলিথিনে মুড়িয়ে রাখেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।
খবর পেয়ে শুক্রবার বিকেলে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড কমান্ডার এএসপি এটিএম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির।
গ্রেনেডটি সক্রিয় বলে নিশ্চিত হওয়ার পর রংপুর থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে ইউনিটটি গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।
এ ঘটনায় পুকুরপাড়সহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।।