

হৃদয় হোসেন কেরানীগঞ্জ
কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর ২০২৬) উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে চারটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা ভূমি প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ঘাটারচর এলাকায়। এ সময় ইমাম হোসেন বাবু (বয়স ৪৬ বছর) নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় মধ্যেরচর এলাকার একটি পরিত্যক্ত জমিতে। সেখানে দেলোয়ার (বয়স ৫৭ বছর) ও মো. কাশিম (বয়স ৪৫ বছর) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে যথাক্রমে ৩ গ্রাম ও ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেন।
অন্যদিকে, তৃতীয় অভিযানটি চর ওয়াশপুর এলাকায় এবং চতুর্থ অভিযানটি কলাতিয়া-নাজিরিপুর এলাকায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। তবে অভিযানকারী দল পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। এলাকাগুলো নজরদারিতে রেখে পরবর্তী সময়ে পুনরায় অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আদনান জুলফিকার অভিযানের এসব তথ্য জানান। মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়
হৃদয় হোসেন কেরানীগঞ্জ