

পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলায় মিতা ও সারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ধোপাদাহ ইউনিয়নের হলুদঘর গ্রামে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন বলেন, “মসজিদ মহান আল্লাহ তাআলার ঘর। দুনিয়ায় যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবেন, আখিরাতে তিনি উত্তম প্রতিদান হিসেবে জান্নাতে একটি ঘর পাবেন।” তিনি আরও বলেন, নবনির্মিত মসজিদটির নির্মাণকাজে তাঁর এমপি তহবিল থেকে দুই লক্ষাধিক টাকা অনুদান প্রদান করবেন।
মিতা ও সারা মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা মো. দেলোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান, জামায়াতে ইসলামী মনোনীত ধোপাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মেহেদী হাসান এবং সাঁথিয়া উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. তাজুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবনির্মিত মসজিদের সার্বিক উন্নতি, নির্মাণকাজের সফলতা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সংসদ সদস্য ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন।
পাবনা প্রতিনিধি: