

মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, উন্নয়নের অঙ্গীকার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ ঘোষণা করা হয়নি। নির্বাচন নিয়ে সরকারি সিদ্ধান্ত ও সময়সূচি ঘোষণার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ শুরু করেছেন ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সমাজসেবক জি এম রফিকুল ইসলাম।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানানোর পাশাপাশি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জি এম রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভুরুলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। মানুষের বিভিন্ন বিপদ-আপদে পাশে থাকার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন বলে তার সমর্থকদের দাবি।
সম্ভাব্য নির্বাচনী তৎপরতায় মাদকবিরোধী অবস্থানকে গুরুত্ব দিচ্ছেন রফিকুল ইসলাম। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলার কথা বলছেন তিনি।
জি এম রফিকুল ইসলাম বলেন, “ভুরুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে নিয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সমর্থনে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি গুরুত্ব দেবেন।
এদিকে, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ বা সময়সূচি ঘোষণা হয়নি। ফলে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা থাকলেও নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি সরকারি সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের সময়সূচির ওপর নির্ভর করছে।
মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।