

জয়পুরহাটের পাঁচবিবিতে মো. সাখাওয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজসংলগ্ন একটি চায়ের টংঘরের পেছন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাখাওয়াত আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম. সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, সাখাওয়াত তাঁর অসুস্থ ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান চালাতেন। মঙ্গলবার ভাড়ার উদ্দেশ্যে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। তাঁর মুঠোফোনে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
বুধবার সকালে পথচারীরা উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে একটি চায়ের টংঘরের কাছে সাখাওয়াতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
গোলাম মর্তুজা পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ