

শামীম আহমেদ, সাঁথিয়া, পাবনা প্রতিনিতি :
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বারোআনী ব্রিজ সংলগ্ন চিকনাই নদীর বুকে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৬। মোজো নৌকা বাইচ আয়োজন ঘিরে নদীর দুই পাড়ে ইতোমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বাংলার চিরায়ত সংস্কৃতি ও লোকঐতিহ্যের অন্যতম আকর্ষণ নৌকা বাইচ। ঢাক-ঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর মাঝিদের হেঁইও হেঁইও শব্দে মুখরিত হবে চিকনাই নদীর জলরাশি। নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করবেন আশপাশের বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
আয়োজকদের পক্ষ থেকে নৌকা বাইচকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। নদীর তীরে দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকার মাঝি ও বাইচ দলের সদস্যরাও নিজেদের প্রস্তুতি শেষ করছেন।
স্থানীয়রা জানান, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি আনন্দঘন আয়োজন। এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে বাংলার হারিয়ে যেতে বসা লোকঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
আগামীকাল চিকনাই নদীর বুকে বৈঠার ছন্দ, নৌকার গতির প্রতিযোগিতা আর হাজারো দর্শকের উচ্ছ্বাসে ধুলাউড়ি বারোআনী ব্রিজ সংলগ্ন এলাকা পরিণত হবে এক মিলনমেলায়। ঐতিহ্যের এই নৌকা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
শামীম আহমেদ, সাঁথিয়া, পাবনা প্রতিনিতি :