

ময়মসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন। তাঁর এ স্বীকৃতিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে ওসি মো. সাজ্জাদ রোমন আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
সম্প্রতি তিনি ঈশ্বরগঞ্জ থানায় বসবাসরত তৃতীয় লিঙ্গের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং কোনো ধরনের জোরপূর্বক চাঁদা আদায়, বিশৃঙ্খলা কিংবা মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাঁদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
ওসি মো. সাজ্জাদ রোমনের দায়িত্বশীল ভূমিকা, অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর এ অর্জন ঈশ্বরগঞ্জ থানা পুলিশের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জুনাঈদ আল হাবিব ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: