

স্টাফ রিপোর্টারঃফিরোজ কবির।
ঢাকার ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া তালতলা এলাকায় ‘পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি ওষুধের লেবেল ও প্যাকেট তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সদস্যদের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকাল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত রওনা হয়ে ৫টা ৪৫ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা টানা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনুমানিক ১০০×৫০ বর্গফুট আয়তনের দুই তলা সেমি-পাকা ভবনে অবস্থিত ওই কারখানায় আগুন লেগেছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়।
এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা না গেলেও ফায়ার সার্ভিস জানায়, তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে তাদের সময়োপযোগী পদক্ষেপের ফলে কারখানার আনুমানিক ১ কোটি টাকার মালামাল ও সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্টাফ রিপোর্টারঃফিরোজ কবির।