

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শাহনুর জামানের সঙ্গে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা, ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় ক্যাব নেতৃবৃন্দ বলেন, বাজারে পণ্যের মূল্য, মান ও ওজনে অনিয়ম, ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং ব্যবসায়ীদের অসাধু কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন। এসব বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ক্যাব আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. সেকেন্দার আলম বলেন, ভোক্তার অধিকার রক্ষায় ক্যাব দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আলফাডাঙ্গায় কোনো ব্যবসায়ী যেন অনিয়ম করে সাধারণ মানুষকে হয়রানি বা প্রতারণা করতে না পারেন, সেজন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি বাজারের বিভিন্ন সমস্যা সমাধানেও ক্যাব প্রশাসনের পাশে থাকবে।
তিনি আলফাডাঙ্গা বাজারের যানজটের বিষয়টি তুলে ধরে বলেন, বাজারের কাঁচাবাজার, মাছবাজার ও ভ্যানস্ট্যান্ড নির্ধারিত স্থানে স্থানান্তর করা গেলে যানজট অনেকটাই কমানো সম্ভব।
নবাগত ইউএনও মুহাঃ শাহনুর জামান ক্যাব নেতৃবৃন্দের বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন। তিনি বলেন, আলফাডাঙ্গার মানুষের কল্যাণে কাজ করতে চান। এজন্য ক্যাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
সভায় উপজেলা প্রকৌশলী আলিমুজ্জামান, ক্যাবের সহসভাপতি কামরুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. শাহিদুল ইসলাম, সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল, নির্বাহী সদস্য সাংবাদিক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক হারুর-অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাংবাদিক মো. এনামুল হক রুবেল, সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক বাধন, সাংবাদিক হাফেজ মো. ফেরদৌস খান, সদস্য শহিদুল ইসলাম শহিদ, পরিচয় মো. হাসমত শেখ, সদস্য সাংবাদিক মো. আমিরুল শেখ সহ ক্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: