

এস এ বাংলা নিউজ ডেক্স
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬: দৈনিক কালবেলার বরগুনা প্রতিনিধি আসাদ সবুজকে গভীর রাতে তার বাসা থেকে গ্রেপ্তারের পর দুই হাতে হাতকড়া পরানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নির্যাতিত সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার এক প্রতিবাদী বিবৃতিতে সংগঠনটি জানায়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে আইনগত অভিযোগ থাকলে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত, গ্রেপ্তার ও বিচারিক কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ার রয়েছে। তবে গ্রেপ্তারের পর একজন সাংবাদিকের হাতে হাতকড়া ব্যবহারের ক্ষেত্রে এর আইনগত প্রয়োজনীয়তা, নিরাপত্তাজনিত পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ যথাযথভাবে বিবেচনা করা জরুরি।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, আসাদ সবুজকে গ্রেপ্তারের পর ডোপ টেস্ট করানো হয়েছে এবং পরীক্ষায় মাদকাসক্তির রিপোর্ট পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় একজন সাংবাদিককে গ্রেপ্তার, ডোপ টেস্ট এবং পরবর্তীতে হাতকড়া ব্যবহারের বিষয়টি সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
সংগঠনটির দাবি, কথিত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আসাদ সবুজের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত হোক। একই সঙ্গে গ্রেপ্তারের সময় ও পরবর্তী সময়ে তার সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে এবং হাতকড়া ব্যবহারের প্রকৃত প্রয়োজনীয়তা ছিল কি না—তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
নির্যাতিত সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন আরও জানায়, বাংলাদেশের Police Regulations of Bengal (PRB)-এ হাতকড়া ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও সংযমের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাই কোনো ব্যক্তিকে, বিশেষ করে একজন সাংবাদিককে, অপ্রয়োজনীয়ভাবে হাতকড়া পরিয়ে জনসমক্ষে হেয় বা অপমানিত করার সুযোগ থাকা উচিত নয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের কাছে ঘটনার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে। পাশাপাশি হাতকড়া ব্যবহারের আইনগত যৌক্তিকতা যাচাই, দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা পর্যালোচনা এবং কোনো ধরনের অমানবিক বা অপমানজনক আচরণ হয়ে থাকলে তার প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি বলেছে, সাংবাদিকের পেশাগত স্বাধীনতা, ব্যক্তিগত মর্যাদা ও মানবিক অধিকার সুরক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। আইন প্রয়োগের ক্ষেত্রে অভিযোগের তদন্ত ও বিচার অবশ্যই আইনের আওতায় হতে হবে; একই সঙ্গে একজন গ্রেপ্তার ব্যক্তির মর্যাদাও সংরক্ষণ করতে হবে।
নির্যাতিত সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন সাংবাদিক আসাদ সবুজের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনসম্মত ও মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সংগঠনটি একই সঙ্গে দেশের সব সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
এস এ বাংলা নিউজ ডেক্স