

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় মোঃ আজিত হত্যা মামলায় পুলিশের অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাঁথিয়া থানার মামলা নং-১১, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬, ধারা-২০১/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০-এর মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ সেলিম প্রাং (৪০), পিতা—মোঃ আঃ সামাদ প্রাং, মাতা—মোছাঃ কমলা বেগম, সাং—ডাঙ্গামাঝগ্রাম এবং মোঃ মুনসুর আলী (৩৪), পিতা—মোঃ দুলাল প্রাং, মাতা—মোছাঃ মনজেলা খাতুন, সাং—ডাঙ্গামাঝগ্রাম (গুচ্ছগ্রাম), উভয় থানা—সাঁথিয়া, জেলা—পাবনা-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের বিজ্ঞ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোট চারজন মিলে মোঃ আজিতকে হত্যা করা হয়।
পুলিশের তথ্যমতে, ঘটনার সঙ্গে আরও দুই ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তারা হলেন—মোঃ রেজাউল করিম বাঘা, পিতা—আনোয়ার প্রাং, সাং—চাঁদপুর, থানা—সাঁথিয়া, জেলা—পাবনা এবং মোঃ আকাশ মোল্লা (২৯), পিতা—মোঃ ইদ্রিস আলী মোল্লা, সাং—ডাঙ্গামাঝগ্রাম (গুচ্ছগ্রাম), থানা—সাঁথিয়া, জেলা—পাবনা।
এরই ধারাবাহিকতায় সাঁথিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ১২ সেপ্টেম্বর ২০২৬ ভোর ৫টার দিকে মোঃ আকাশ মোল্লাকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।
অপর আসামি মোঃ রেজাউল করিম বাঘা বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সাঁথিয়া থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি: