

রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।
জাতীয় জীবনে কাজী নজরুল ইসলাম-এর সাম্য,মানবতা,অসাম্প্রদায়িকতা ও শোষণবিরোধী চেতনার চর্চা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।তারা বলেছেন,নজরুল শুধু বিদ্রোহের কবি নন;তিনি বাঙালির মুক্তচেতনা,মানবিকতা ও সাম্যের অন্যতম প্রধান কণ্ঠস্বর। বৈষম্যহীন,অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় নজরুলের সাহিত্য,সংগীত ও জীবনদর্শনের ব্যাপক চর্চা অপরিহার্য।
নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘জাতীয় জীবনে নজরুলচর্চার অপরিহার্যতা’শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।প্রধান আলোচক ছিলেন বরেণ্য কবি,নজরুল গবেষক ও সম্পাদক,দৈনিক যুগান্তর এবং নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক আবদুল হাই শিকদার।
আবদুল হাই শিকদার বলেন,নজরুলের সাহিত্য ও দর্শনের মূল শক্তি ছিল মানুষের মুক্তি,মর্যাদা ও সাম্যের আকাঙ্ক্ষা। অন্যায়,অবিচার,শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর যে দৃঢ় অবস্থান,তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।জাতীয় জীবনে নজরুলচর্চা বাড়ানোর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ আরও শক্তিশালী করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার,সৈয়দপুর সার্কেল,নীলফামারী এ কে এম ওহিদুন্নবী এবং যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও বৃহত্তর রংপুর ছাত্র ফোরাম,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজুল হক শিতুল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিমসহ স্থানীয় সাংবাদিক,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,নজরুলের সাহিত্য ও সংগীতের প্রধান সুর ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ,মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা।তাঁর এই চেতনা বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ জাতীয় পর্যায়ে নিয়মিত ও প্রাতিষ্ঠানিকভাবে নজরুলচর্চা বাড়াতে হবে।
আলোচনা সভায় নজরুলের সাহিত্য,সংগীত ও জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার পাশাপাশি জাতীয় জীবনে তাঁর অসাম্প্রদায়িক,মানবিক ও শোষণবিরোধী দর্শনের বাস্তব প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।