


মো. ইসমাইল হোসাইন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব শামসুল হক বিএসসি আর নেই। বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি ইন্তেকাল করেছেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গভীর শোক প্রকাশ উপজেলা জামায়াতের
শামসুল হক বিএসসির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী।
এক যৌথ শোকবার্তায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি ও জেলা জামায়াতের সূরা সদস্য এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান এবং উপজেলা তথ্য ও মিডিয়া পরিচালক শাহজামাল শাওন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “শামসুল হক বিএসসি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী সংগঠক, দক্ষ সমাজসেবক ও প্রবীণ অভিভাবক। ফুলবাড়ী উপজেলায় দ্বীনের দাওয়াত বিস্তার, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং ইসলামী আন্দোলনকে সুসংগঠিত করতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন প্রবীণ ও বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম।”
তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি মরহুমের নেক আমলগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করেন নেতৃবৃন্দ।
মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানানো হয়েছে।
মো. ইসমাইল হোসাইন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: