

এনামুল হকফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি :
পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. আবুল হোসেন জোয়ার্দার, অভিভাবক সদস্য মোঃ আরিফুর ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি মোঃ মনসুর আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব এ্যাড. আবুল হোসেন জোয়ার্দার বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু ভবন ও অবকাঠামো দিয়ে এগিয়ে যায় না; শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠানের প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই সকলের সহযোগিতা নিয়ে হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে আমরা কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের প্রতি গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন, ফরিদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ, সাবেক ডেমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাবেক ডেমরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও নেতৃবৃন্দ, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা নবগঠিত এডহক কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরে নবগঠিত কমিটির সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এনামুল হকফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি :