
ক্রাইম রিপোর্টার: আলমগীর হোসেন
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে অটোরিকশা চালক আবুল কালাম (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী পিপাশা আক্তারকে (২১) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেফতার হওয়া পিপাশা আক্তার একই এলাকার আব্দুল করিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে আবুল কালাম স্ত্রীকে নিয়ে টঙ্গীতে আসেন। পরে টঙ্গী পশ্চিম থানার কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করলে স্ত্রী পিপাশা আক্তার স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পিপাশা আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে এবং আবুল কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
ক্রাইম রিপোর্টার: আলমগীর হোসেন