

এস এ বাংলা নিউজ ডেস্ক রিপোর্ট
সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কাশিমপুরের বারান্ডা শাখা ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৪ জুন) কাশিমপুর ৩ নম্বর ওয়ার্ডের বারান্ডা এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী হাসান (এমবিবিএস)।
বিনামূল্যে উন্নতমানের স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ পেয়ে স্থানীয় বাসিন্দারা ওয়ালটনের এই উদ্যোগের প্রশংসা করেন। সেবা নিতে আসা কয়েকজন শ্রমজীবী ব্যক্তি জানান, বর্তমান সময়ে চিকিৎসার ব্যয় বহন করা অনেকের জন্য কঠিন। তাই বাড়ির কাছেই এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী উদ্যোগ।
এ বিষয়ে বারান্ডা শাখা ওয়ালটন প্লাজার ম্যানেজার রেজাউল করিম (লিন্টু) বলেন, “দেশজুড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে ওয়ালটনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
নিজস্ব প্রতিবেদন