

সোহাদ হোসেন প্রান্ত, নারায়নগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে গোদনাইল এলাকার ধনকুণ্ডা ক্যানেলপাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুণ্ডা ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে যান। সেখানে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
ছুরিকাঘাতে গুরুতর আহত সজীবকে স্থানীয়রা ও তার স্বজনেরা উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোহাদ হোসেন প্রান্ত, নারায়নগঞ্জ