

মোঃ সোহেল রানা, রাজশাহী
রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান, মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৭ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটের দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন মুক্তারপুর নদীর পাড়ের বালুরঘাট এলাকায় অবস্থান নেয়।
দীর্ঘ সময় অপেক্ষার পর বিজিবি সদস্যরা দেখতে পান, দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। তাদের একজনের মাথায় একটি বস্তা ছিল। বিজিবি সদস্যরা তাদের আটক করতে ধাওয়া করলে বস্তাটি ফেলে দুই ব্যক্তি পালিয়ে যায়।
পরে বস্তাটি তল্লাশি করে ১৮৬ বোতল ভারতীয় ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সমৃদ্ধ এসকাফ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মোঃ সোহেল রানা, রাজশাহী