
রাঙামাটি জেলা প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা সংহতি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ডিবি পুলিশ সৈকত রঞ্জন চৌধুরীকে তুলে নিয়ে যায়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ সুপারের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে জানা যায় বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী শুধু একজন পেশাদার সাংবাদিক নন, তিনি একজন সমাজকর্মীও। এভাবে একজন সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। ’২৪-পরবর্তী সময়ে এমন পরিস্থিতির অবসান হবে বলে প্রত্যাশা করা হলেও সাংবাদিকদের মধ্যে ভয়ের পরিবেশ এখনো রয়েছে বলে মন্তব্য করেন তারা।
মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলার সভাপতি সমীর কান্তি দে, সুজন জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, বিএমইউজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, উদীচীর সহ-সভাপতি আশীষ কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা সভাপতি মিল্টন বিশ্বাস, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচি সঞ্চালনা করেন রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মানববন্ধনে সংহতি প্রকাশ করে।
রাঙামাটি জেলা প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম