

পীরগঞ্জ প্রতিনিধি | মো. আরফান আলী
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় ৩০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাছ পরিবহনের দায়ে এক ভ্যানচালককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার ও পুলিশের যৌথ অভিযানে দুইটি খাঁচি ভ্যানে করে মাছগুলো অন্যত্র পরিবহনের সময় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি আসাদুল ইসলাম (৩২)। অভিযানের সময় প্রায় ৩০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, পিরানহা একটি নিষিদ্ধ ও ক্ষতিকর প্রজাতির মাছ। এ মাছ জলাশয়ের অন্যান্য মাছ ও অনুজীব খেয়ে জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ কারণে সরকার পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে।
মৎস্য বিভাগ জানায়, জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পীরগঞ্জ প্রতিনিধি | মো. আরফান আলী