

শেখ হাচান জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন ওরফে সুজাত নামের আরেক ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আবুল শেখ উপজেলার উথুলী গ্রামের মৃত পাচ্চু শেখের ছেলে। পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিলের জন্য সোমবার ভোরে সালথা থানার একটি দল বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকার সুজন ওরফে সুজাতের বাড়িতে দেশীয় মদ ক্রয়-বিক্রয় ও সেবন করা হচ্ছে।
পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সুজন ওরফে সুজাত সেখান থেকে পালিয়ে যান। তবে ঘটনাস্থলে মদ সেবনরত অবস্থায় আবুল শেখকে আটক করা হয়।
পুলিশের দাবি, অভিযানে বিভিন্ন বোতল ও কনটেইনারে রাখা দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১০টি বোতল, ৮ লিটারের একটি কনটেইনারে প্রায় ৭ লিটার এবং ৫ লিটারের আরেকটি কনটেইনারে প্রায় সাড়ে ৪ লিটার খোলা মদ ছিল। সব মিলিয়ে উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ১৯ থেকে ২০ লিটার।
পরে উদ্ধার করা মদ জব্দ করে আবুল শেখকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সুজন ওরফে সুজাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার দেশীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
শেখ হাচান জেলা প্রতিনিধি: