

রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।
নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের লকারে অভিযান চালিয়ে ২৪ কেজি শুকনো গাঁজাসহ সুলতানা রাজিয়া(৩৯)নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম শনিবার(২৯ আগষ্ট) সৈয়দপুর উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের সুমনা ফিলিং স্টেশনের সামনে মাওনা থেকে পঞ্চগড়গামী ‘স্টার ট্রাভেলস’বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-১৩০৯) থামিয়ে অভিযান চালায়।
এ সময় বাসের এফ-১ নম্বর সিটের যাত্রী সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের লকারে থাকা টোকেনযুক্ত দুটি ব্যাগে তল্লাশি চালানো হয়।একটি অ্যাশ কালারের ট্রাভেল ব্যাগের সাতটি প্যাকেট থেকে ১৮ কেজি ৮০০ গ্রাম এবং অপর একটি সিনথেটিক ব্যাগের দুটি প্যাকেট থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।দুটি ব্যাগ থেকে মোট ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ সময় সুলতানা রাজিয়ার কাছ থেকে একটি পুরোনো ওয়ালটন বাটন মোবাইল ফোন,একটি বাসের টিকিট ও দুটি টোকেন জব্দ করা হয়েছে।উদ্ধার করা গাঁজার নয়টি প্যাকেট থেকে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আলামত পৃথকভাবে সিলগালা করা হয়।
গ্রেপ্তার সুলতানা রাজিয়া নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো.সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১)ধারার সারণির ১৯(গ) ও ৪১ ধারায় মামলা করেছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।