

মো: শাখাওয়াত হোসেন, বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ সাকিব (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বাজারগ্রাম রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শেখ সাকিব বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ রবিউল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার রোধ ও মাদক সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাজারগ্রাম রহিমপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শেখ সাকিবকে আটক করে তার কাছ থেকে ১২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার ৩০০ টাকা।
এ ঘটনায় আটক শেখ সাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজুর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয়, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানালে তা গুরুত্বের সঙ্গে যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, কালিগঞ্জে মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মাদক সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
মো: শাখাওয়াত হোসেন, বিশেষ প্রতিনিধি