
ঠাকুরগাঁও প্রতিনিধি | মো. আরফান আলী
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের চিলাছাপা এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতার কারণে ১৮টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। উজান থেকে নেমে আসা পানিতে প্রকল্পের বসতবাড়ি ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পটির অভ্যন্তরীণ সড়কে এখনও হাঁটুসমান পানি জমে রয়েছে। যদিও কিছুটা পানি কমতে শুরু করেছে, তবে পুরো এলাকা শুকাতে আরও দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নিচু ও সমতল এলাকায় পর্যাপ্ত মাটি ভরাট না করেই ঘর নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তাদের।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, স্থায়ীভাবে সমস্যার সমাধানে পাকা সড়কের সঙ্গে একটি সংযোগ কাঁচা রাস্তা এবং প্রায় ৫ মিটার দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণ অত্যন্ত জরুরি। এ বিষয়ে তারা পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন, “সরেজমিনে এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, ১ নম্বর ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোজিদ জানান, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, রাস্তাসহ প্রয়োজনীয় মাটি ভরাটের কাজ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
ঠাকুরগাঁও প্রতিনিধি | মো. আরফান আলী