

ক্রাইম রিপোর্টার: আলমগীর হোসেন
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পা (২১)কে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ।
কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা পালিয়ে যান। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ ব্যাপক তৎপরতা শুরু করে এবং শুক্রবার গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিম্পা কারাগারের নিরাপত্তা প্রাচীর টপকে পালিয়ে যান। ঘটনার সময় কারাগারে ফ্লাডলাইটের আলোয় কারা স্টাফদের একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকা কয়েকজন কারারক্ষীও উঁচু পর্যবেক্ষণ টাওয়ার থেকে খেলা দেখছিলেন। নিরাপত্তা ব্যবস্থার এই শিথিলতার সুযোগ নিয়েই তিনি কারাগারের প্রাচীর অতিক্রম করে পালিয়ে যান। পরে নিয়মিত বন্দি গণনার সময় তার অনুপস্থিতি ধরা পড়ে।
চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
এদিকে বন্দি পালানোর ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর বিষয়টি তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে অবহেলার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
র্যাবের হাতে গ্রেপ্তারের পর রিম্পাকে আইনানুগ প্রক্রিয়ায় পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
ক্রাইম রিপোর্টার: আলমগীর হোসেন