
রিপোর্ট :রবিউল হোসেন খান।।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলী (৭৫)-এর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে খুলনা আলিয়া মাদ্রাসা ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামের বাড়িতে অবস্থিত শাহপুর নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গত সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডের সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এস এম ইয়াকুব আলী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৯ জানুয়ারি শুক্রবার বিকেলে তিনি হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে তার মরদেহ হাসপাতালেই রাখা হয়। বুধবার সকালে মরদেহটি শেষবারের মতো নগরীর টুটপাড়া এলাকার নিজ বাড়িতে নেওয়া হলে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা একনজর দেখার জন্য সেখানে ভিড় করেন। সেখান থেকে মরদেহটি আলিয়া মাদ্রাসা ময়দানে নেওয়া হয়।
আলিয়া মাদ্রাসা ময়দানের জানাজায় ইমামতি করেন কেডিএ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হুসাইন। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ, খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন।
প্রথম জানাজা শেষে মরদেহটি গ্রামের বাড়ি শাহপুরে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১১টার দিকে পৌঁছালে মরহুমের আপন ভাই দ্বিতীয় জানাজায় ইমামতি করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আগামী ১৬ জানুয়ারি শুক্রবার রূপসা বাসস্ট্যান্ডসংলগ্ন দাদা মাচ কাদেরিয়া জামে মসজিদে জুমার নামাজ বাদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রিপোটার,, রবিউল হোসেন খান।।