

স্টাফ রিপোর্টার: সুমাইয়া আক্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকায় জমি দখল, চাঁদাবাজি, হামলা ও নির্মাণ সামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে একদল সশস্ত্র ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইব্রাহিম খলিল বাদী হয়ে কালিয়াকৈর থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ ইব্রাহিম খলিল বৈধ দলিলমূলে প্রায় ১৫.৫ শতাংশ জমি ক্রয় করে সেখানে সীমানা প্রাচীর, মেইন গেইট, পকেট গেইট এবং আধাপাকা ঘর নির্মাণ করেন। পরবর্তীতে গোডাউন নির্মাণের জন্য কয়েক লাখ টাকার নির্মাণ সামগ্রী জমিতে সংরক্ষণ করা হয়। একই দাগ ও খতিয়ানভুক্ত জমিতে তার প্রতিবেশী জিন্দেগীর শফিক ও মাহাতাব হোসেনও পৃথকভাবে জমি ক্রয় করে বাড়ির নির্মাণকাজ শুরু করেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত ৫ মে সকাল ১০টার দিকে শহিদুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সোহরাব হোসেন, কামাল হোসেনসহ ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করে। এ সময় তারা ম্যানেজার কোরবান আলীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ম্যানেজারকে মারধর করা হয় এবং কেয়ারটেকার আব্দুল মজিদকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা জমির সীমানা প্রাচীর ভাঙচুর করে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং নির্মাণ কাজে ব্যবহৃত রড, ইট, ঢেউটিন, গ্রীল, গেইট ও সাবমারসিবল পাম্পের পাইপসহ প্রায় ৮ লাখ ৯৭ হাজার টাকার মালামাল ট্রাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: সুমাইয়া আক্তার