
সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ তৈরির ওয়াশ, ৫ লিটার মদ ও বিভিন্ন উপকরণ জব্দ করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি চোলাই মদ তৈরির আস্তানায় তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ওয়াশ ও মদসহ মদ তৈরির বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়।
এ সময় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে বদলপুর গ্রামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— বান্দন (৪৫), পিতা-কিনা; সুজিত (২১), পিতা-বান্দন এবং রহিন (৩৬), পিতা-গংগা। তাদের সবার বাড়ি পত্নীতলা থানার বদলপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।