
দিনাজপুর কাহারোল উপজেলা প্রতিনিধি:অরুণ চন্দ্র শীল
কাহারোলে অ্যানালগ থেকে ডিজিটাল যুগে এক্স-রে সেবা
উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন কাহারোলবাসী
দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অ্যানালগ এক্স-রে সেবার অবসান ঘটিয়ে চালু হয়েছে ডিজিটাল এক্স-রে সেবা। সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন সংযোজন করা হয়েছে। এতে উপজেলার সাধারণ মানুষ আরও দ্রুত ও উন্নতমানের রোগ নির্ণয় সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এখানে অ্যানালগ প্রযুক্তির মাধ্যমে এক্স-রে পরীক্ষা করা হতো। নতুন ডিজিটাল এক্স-রে মেশিন সংযোজনের ফলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সুবিধা যুক্ত হয়েছে। এতে সেবাগ্রহীতাদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি চিকিৎসকদের রোগ নির্ণয়ে আরও কার্যকর সহায়তা পাওয়া যাবে।
কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবার সামগ্রিক মানোন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ডিজিটাল এক্স-রে মেশিন সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) মো. সোহরাব হোসেন নিয়মিতভাবে সেবাগ্রহীতাদের ডিজিটাল এক্স-রে সেবা প্রদান করছেন।
ডিজিটাল এই সেবা চালুর ফলে কাহারোল উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষেরও আধুনিক রোগ নির্ণয় সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সঠিক তথ্য জেনে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।