
শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের ১৩ বছর বয়সী বয়সি সাকিব হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে পল্লী পাঠাগার ও নুপুর স্মৃতি ফাউন্ডেশন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ডেমরা বাজার ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, বাল্যবিবাহসহ সব ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিশু সাকিব হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবি জানানো হয়েছে।
শিশু সাকিব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এলাকায় অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সংগঠক, সাংবাদিক, বিভিন্ন পেশার মানুষ বক্তব্য রাখেন।
পল্লী পাঠাগার ও নূপুর স্মৃতি ফাউন্ডেশন, ডেমরা, ফরিদপুর, পাবনার প্রতিষ্ঠাতা শাহ আলম মানববন্ধনটির আয়োজন করেন।