
রাঙামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,
রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ জন মাদক কারবারি ও এক মাদকসেবীসহ মোট ১২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়।গ্রেফতারকৃতরা হলেন,লাভলী চাকমা (৩৫), খোকন (২৮), সুরুঞ্জন চাকমা (৪৫), মোশন চাকমা (২৫), ধন বিকাশ চাকমা (২১), শতক চাকমা (২০), মো. জসিম উদ্দিন (৩২), রাশেদ মিয়া (৪০), টিস্যু চৌধুরী (৩২), মো. জসীম (৩৫), মো. বাপ্পি ইসলাম (৩২) ও মো. উজ্জল (৪৫)।পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃত প্রথম ১১ জনের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। অপরদিকে মো. উজ্জলকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।