
মোঃ শাহাদাত হোসেন লিমন, রংপুর প্রতিনিধি
রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা বোলা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কামাল কাছনা-মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। কয়েক দিন ধরে বাড়িটি তালাবদ্ধ থাকায় স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা বোলা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির বিভিন্ন স্থানে মরদেহগুলো পড়ে ছিল। বাড়ির ছাদে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও মেয়ের মরদেহ সিঁড়ির কাছে পাওয়া যায় এবং ছেলে প্রিয়মের মরদেহ একটি কক্ষের খাটের নিচে পাওয়া যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও সিআইডির সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চারজনের গলায় দড়ি পেঁচানোর আলামত রয়েছে এবং বাড়ির ভেতরে তছনছের চিহ্ন পাওয়া গেছে। টাকা-পয়সা ও মূল্যবান জিনিস রাখার স্থান ভাঙা অবস্থায় পাওয়ায় প্রাথমিকভাবে ডাকাতির বিষয়টিও তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি কয়েক দিন আগে ঘটতে পারে। তবে কীভাবে এবং কী কারণে চারজনের মৃত্যু হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত—এসব বিষয়ে এখনো তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় মাছুয়াপাড়া এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট তদন্ত চালিয়ে যাচ্ছে।