স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ফজলে রাব্বানী চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আরিফুর রহমান শান্তের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাবেক ইউএনও মো. নাহিদ হোসেন দায়িত্ব ছাড়ার পর গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত।
মো. ফজলে রাব্বানী চৌধুরী এর আগে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি প্রথমে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন পান। পরবর্তীতে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কক্সবাজারের রামু উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শায়েস্তাগঞ্জ উপজেলায় বদলি করা হয়।
তিনি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
নবাগত ইউএনও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন কাজ করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।