
নিজস্ব প্রতিবেদক, এস এ বাংলা নিউজ।।
দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্ধারিত দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা এবং পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সাধারণ মানুষের বহুল ব্যবহৃত ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য আন্তর্জাতিক বাজারের সাম্প্রতিক মূল্য বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।